অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড হিসেবে নিজের নাম ব্যবহার করছেন? বা অন্য কারো নাম ব্যবহার করছেন? আজই এই অভ্যাস বাদ দিন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সহজে অনুমান করা যায়—এমন নাম বা সংখ্যা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা বিপজ্জনক। এতে অ্যাকাউন্ট হ্যাক করতে পারে সাইবার দুর্বৃত্তরা।
পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা বলছে, অনেকেই পাসওয়ার্ড হিসেবে নিজের নামের পরিবর্তে সহজে মনে রাখা যায়—এমন কিছু জনপ্রিয় নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন। এ ধরনের নামগুলো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হলে তা দ্রুত বদলে জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা। তাঁদের চোখে এগুলো বাজে পাসওয়ার্ড।
পাসওয়ার্ড হিসেবে এ নামগুলো ব্যবহার বিপজ্জনক। এ ধরনের নামের পাসওয়ার্ডের তালিকা সাইবার দুর্বৃত্তদের হাতে থাকে। তারা নানা কৌশল খাটিয়ে এসব পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টের সব তথ্য হাতিয়ে নেয়।
তেমনি নিজের নাম বা মোবাইল নম্বর দিয়েও পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। ফেসবুক, গুগুল, ইয়াহুসহ অন্যান্য সোস্যাল মিডিয়া তাদের ব্যবহারকারীদের পাসওয়ার্ড শক্তিশালী করার ব্যাপারে জোর দিয়ে থাকে।
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শমতে একটি পাসওয়ার্ডে চারটি জিনিস থাকা জরুরি এবং পাসওয়ার্ডটি যেন ৮ সংখ্যার অধিক হয়। চারটি জিনিস হলো: পাসওয়ার্ডে ইংরেজি বড় হাতের অক্ষর থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, এক বা একাধিক সংখ্যা (1,2 বা 3 বা যেকোনো সংখ্যা) থাকবে এবং কিপ্যাডের যেকোনো সিম্বল থাকবে; যেমন @ অথবা # অথবা & বা এ ধরনের কোনো সিম্বল।
এসব মিলিয়ে পাসওয়ার্ডে অক্ষরের সংখ্যা ৮ এর অধিক করলে সে পাসওয়ার্ডটি শক্তিশালী হয় এবং সাধারণ কোনো হ্যাকিং মাধ্যমে সেটি হ্যাক করা সম্ভব নয়। #
















