ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা দেশত্যাগ করবেন। বিকালে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সৌদির উদ্দেশে রওনা করবেন।
প্রধানমন্ত্রী সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন এবং সে দেশে চারদিন অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, আজ বিকালে রওনা দিবেন এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।
এই সফরে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। একটি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) এবং আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ)।
এছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়গুলো ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
এ সফরে প্রধানমন্ত্রী পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতে যাবেন বলেও জানা গেছে।
















