‘ধর্ম যার যার, উৎসব সবার’ উক্তিটি ইসলামবিরোধী : আল্লামা নূর হোসাইন কাসেমী

ইসলাম টাইমস ডেস্ক : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমন উক্তি বা বক্তব্য দেয়া ইসলামবিরোধী বলে মন্তব্য করেছেন প্রবীণ আলেম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার এমন বক্তব্য হিন্দু ধর্মানুসারীরাও স্বীকার করবেন না।

মঙ্গলবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

আল্লামা কাসেমী আরও বলেন, ‘মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সব ভিন্ন ধর্মাবলম্বী জনগণ অবশ্যই পূর্ণ নাগরিক অধিকার ও সব ধরনের সামাজিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ভোগ করবেন। রাষ্ট্র এজন্য যথাযথ উদ্যোগ নেবে। কিন্তু এ পর্যায়ে মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র্যবোধকে ভিন্নধর্মের সঙ্গে একাকার করে নিতে চাওয়ার সুযোগ নেই।’

বিবৃতিতে জমিয়ত মহাসচিব বলেন, ‘গরু জবাই করা ও গরুর মাংস খাওয়া হিন্দুশাস্ত্রে নিষিদ্ধ থাকলেও ইসলামে নিষিদ্ধ নয়। কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতে মুসলমানদের এই ন্যায্য ধর্মীয় অধিকারে সহিংস উপায়ে বাধা দেওয়া হয়। অন্যদিকে মূর্তিপূজা ইসলামে সম্পূর্ণ হারাম, অথচ হিন্দুধর্মে এটাই উপাসনা ও পুণ্যের কাজ। কিন্তু মুসলমানরা ইসলামে নিষিদ্ধ মূর্তিপূজায় হিন্দুদের কখনও বাধা দেওয়ার দাবি বা আওয়াজ তোলেনি। আবার এটাকে ন্যায্য বলেও বিশ্বাস করে না।’

আল্লামা নূর হোসাইন কাসেমী আরও বলেন, ‘এটা সবারই স্মরণ রাখা দরকার, ঈদ বা পূজা জাতীয় ও সামাজিক কোনও রীতি অনুষ্ঠান নয়, এটা একেবারেই ধর্মীয় উৎসব। ধর্মীয় যে কোনও আয়োজন-উৎসবে প্রত্যেক ধর্মাবলম্বীরই স্বাতন্ত্র্যবোধ থাকা বাঞ্ছনীয়।’

পূর্ববর্তি সংবাদবাড়ছে না গ্যাসের দাম, ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিবে সরকার
পরবর্তি সংবাদ‘হ্যাশট্যাগ মি-টু’ খুলে দিচ্ছে ভোগবাদী সমাজের মুখোশ