নরসিংদীর শেখের চরে অভিযান : দুইজনের লাশ উদ্ধার

টান টান উত্তেজনার পর নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকার ‘জঙ্গি’ আস্তানায় পরিচালিত অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে এখনও অভিযান চালানো হয়নি মাধবদীর গাঙপাড় এলাকার আরেক ‘জঙ্গি’ আস্তানায়।

শেখেরচরে অভিযানের পর পাঁচতলা ওই ভবন থেকে একজন পুরুষ ও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

অপারেশন সমাপ্ত ঘোষণা করলেও ওই এলাকা বর্তমানে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতরা পুলিশের গুলিতে মারা গিয়েছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘নরসিংদীর আরেকটি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও দিনের আলোতে অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে আমরা পরবর্তী অ্যাকশনে যাবো।’

এর আগে সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

পূর্ববর্তি সংবাদ২০ দলীয় জোট ছাড়লো ন্যাপ-এনডিপি
পরবর্তি সংবাদসিলেট থেকে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি