বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। আজ শুক্রবার (১৯ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে তিনি অসুস্থাবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৫ বছর। মাওলানা হাবীবুর রহমান ১৯৪৯ সালে সিলেটের গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন।
তিনি সিলেটের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজীরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন বাংলাদেশে ইসলামি রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।
সিলেট নগরীর নিজ বাসায় তাঁর ইন্তেকাল হয়। আজ বিকাল ৩টা ৩০মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত ব্যধিতে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে হাবীবুর রহমানের জানাজা শেষে জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
এদিকে হাবীবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।
শোকবার্তায় তারা বলেন, হাবীবুর রহমানের মৃত্যুতে জাতি একজন জ্ঞানবান আলেমকে হারালো। তার মৃত্যুতে দেশের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতির নেতৃত্বে অপূরণীয় ক্ষতি হয়েছে।
















