ইসলাম টাইমস ডেস্ক : দেশ থেকে প্রতিবছর ২ শতাংশ হারে দারিদ্র কমার কথা। সরকারে বিভিন্ন কর্মসূচির পরও কাঙ্ক্ষিতহারে দারিদ্র কমছে না। এখনও দেশে ৩ কোটি মানুষ গরিব। বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও কর্ম-সহায়ক ফাউন্ডেশন আয়োজিত ‘কিশোর-কিশোরী সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা ২১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এই হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এক সময় দেশে ৭০-৮০ শতাংশ মানুষ দরিদ্র ছিল।
তিনি বলেন, দারিদ্রের সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে আরও ৭ থেকে ৮ বছর সময় লাগবে। এর মধ্যে নতুন করে চলমান কর্মসূচি রিভিউ করতে হবে। দেখতে হবে কাঙ্ক্ষিত হাতে তা কমছে কিনা। যদি কমার হার সন্তোষজনক না হয়, তাহলে প্রয়োজনে নতুন কর্মসূচি নিতে হবে।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালাক ফজলুল কাদের বক্তব্য রাখেন।
















