দেশের সব কারাগারে আদালত কক্ষ স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব কারাগারে আদালত কক্ষ স্থাপন করার নির্দেশনা দিয়েছেন। বন্দিদের শারীরিক সমস্যা থাকলেও বিচারের কাজ চালিয়ে নেয়ার জন্যই এ পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ‘কুমিল্লা কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প অনুমোদনের সময় এ নির্দেশ দেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন।

একনেক সভার পর ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি জেলখানায় একটি করে কোর্ট রুম রাখতে বলেছেন, যাতে ফিজিক্যালি কারও সমস্যা থাকলে তাদের মামলা যেন জেলে পরিচালনা করা যায়।’

পরিকল্পনামন্ত্রী বলেন, কারাগারগুলোকে শাস্তির স্থান মনে না করে পুনর্বাসনের স্থান হিসেবে বিবেচনা করা হবে। আগামীতে সব কারাগারে একটি করে টেলিফোন বুথ রাখা হবে, যাতে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

মঙ্গলবার একনেক সভায় প্রায় ৬২৫ কোটি টাকার ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ শীর্ষক প্রকল্পটিসহ প্রায় ১৯ হাজার ৭৭৯ কোটি টাকার ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদজমজম সেবকের দিন
পরবর্তি সংবাদসৌদি কনসাল জেনারেলের বাসভবনের বাগানে মিললো খাশোগির লাশ!