ইসলাম টাইমস ডেস্ক : আশুলিয়ার জামতলায় গ্যাসের লাইনের বিস্ফোরণে নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। শুক্রবার সকালে রান্না করার সময় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- আরব আলী (৪৫), তার স্ত্রী হাসিনা বেগম (৪০), ছেলে আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা (২)। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, গ্যাস লাইনের লিক থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটা অবৈধ গ্যাসের লাইন ছিল। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন পোশাক শ্রমিক।
















