ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেতে চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন।
একই সঙ্গে ইসি চাইলে তফসিল ঘোষণা পিছিয়ে দিতে পারেন বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতৃমন্ত্রী।
রোববার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্যারোলে মুক্তি যদি তিনি চান তাহলে আলোচনাতো খোলামেলা। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতেই পারে। তবে তার চিকিৎসা নিয়ে বিএনপি অনেক রাজনীতি করেছে। বাস্তবে বেগম জিয়ার অসুস্থতার বিষয়ে কোনোভাবে কারা কর্তৃপক্ষ অবহেলা করেনি। এখনতো চিকিৎসা নিয়ে কোনো কথা নাই।’
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংলাপে আমরা আর বেশি সময় দিতে চাইছি না। কারণ এখনতো আমাদের ইলেকশন রিলেটেড কিছু কাজ করতে হবে।’
ঐক্যফ্রন্টের সঙ্গে আবার বসা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখান থেকে আমরা সরিনি। স্বল্প পরিসরে আলোচনা করা যায়। আলোচনা করাই যায়। আলোচনার দুয়ার এখনও বন্ধ হয়নি।’
উল্লেখ্য, চলমান সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচনে কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (৩ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আবেদন নির্বাচন কমিশন কার্যালয়ে দাখিল করা হয়।
ফের আলোচনায় বসতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠি আওয়ামী সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে চিঠিটি গ্রহণ করেন কার্যালয়ের অফিস সহকারী জি এম মাসুদুল হাসান ও আলাউদ্দিন আহমেদ।
ঐক্যফ্রন্টের পক্ষে চিঠিটি নিয়ে যান গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ।
















