মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক : মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রংপুর কারা ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে  এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের পক্ষে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর  প্রতি মৌখিক এ আদেশ দেন।

শুনানি শেষে মইনুলের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, একই সঙ্গে এ সময়ের মধ্যে রংপুর থেকে অন্য কোনো জেলায় স্থানান্তর করার সময় ব্যারিস্টার মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দেয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত আগামী ১১ নভেম্বর এ রিট আবেদন দুটির ওপর শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনাকেও আদালতে হাজির করার দাবি জানালেন খালেদা জিয়া
পরবর্তি সংবাদসন্ধ্যায় ২০ দলের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি