কোনো প্রকার সমঝোতা ছাড়াই সন্ধ্যায় তফসিল ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক : দেশের অন্যতম ‍বৃহৎ বিরোধী দলগুলোর সঙ্গে কোনো প্রকার সমঝোতা ছাড়াই আজ তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং তফসিল ঘোষণা করবেন।

বৃহৎ বিরোধী দলগুলোর দাবি উপেক্ষা করেই তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন।

প্রায় দেড় ঘণ্টা কমিশন সভা করে একাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তফসিলের খুঁটিনাটি চূড়ান্ত করতে বেলা ১১টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ৩৯তম মুলতবি সভা শুরু হয়।

সিইসি কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ওই তফসিল ঘোষণা করবেন। তার সেই ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ অংশ নেন এ সভায়।

দেড় ঘণ্টা পর সিইসির কক্ষের ‘মিটিং রুম’ থেকে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। সিইসির কক্ষের সামনেই তাদের অপেক্ষা করতে দেখা যায়।

ওই বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিটিভি, বেতারের কর্মীরা সিইসির ভাষণ রেকর্ড করার জন্য তার কক্ষে প্রবেশ করে।

বেলা ২টার পর তারা বেরিয়ে গেলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, সিইসির ভাষণ মোটামুটি ১৫ মিনিটের।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদডাক্তারের ছাড়পত্র ছাড়াই বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে : রিজভী
পরবর্তি সংবাদতাজিকিস্তানে কারারক্ষীদের গুলিতে ১৩ জনের মৃত্যু