মস্কো শান্তি সম্মেলনে তালেবান, খুলবে কি আলোচনার দুয়ার

অবশেষে মস্কো আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগদান করলো তালেবান প্রতিনিধি। এই প্রথম বারের মতো কোনো আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিলো তারা।

আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ এই সম্মেলন রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে ।

উদ্বোধন করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করেছে। দীর্ঘ দিন ধরে আফগানিস্তানে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পারাকে রাশিয়ার বিশেষ কৃতিত্ব মনে করা হচ্ছে।

শুধু তালেবান বা আফগান সরকারি প্রতিনিধিরাই নয় আঞ্চলিক শক্তিগুলোও এতে সম্পৃক্ত করেছে। পাকিস্তান, ভারত, ইরান, চীনসহ ১২টি দেশ এতে সম্পৃক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একজন কর্মকর্তাকে পাঠিয়েছে।

আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এই শান্তি সম্মেলনে অংশ নিচ্ছে না – তবে আফগানিস্তানের উচ্চ শান্তি কাউন্সিলের কয়েকজন সদস্য এতে যোগ দিচ্ছেন।

আফগান সরকার আশা প্রকাশ করেছে যে এই সম্মেলনের মধ্যে দিয়ে কাবুল ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনার পথ খুলে যেতে পারে।

বিবিসির বিশ্লেষক জিল ম্যাকগিভারিং বলছেন, এ থেকে কোন চটজলদি ফল আসবে বলে কেউ আশা করছেন না কিন্তু – তালেবান এবং আফগান সরকার এবং তালেবানের প্রতিনিধিরা যে একটি সম্মেলন কক্ষে শান্তি আলোচনার জন্য বসেছেন – এটাই আসল তাৎপর্যপূর্ণ ঘটনা।

সূত্র : বিবিসি বাংলা

পূর্ববর্তি সংবাদনির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ দিনভর বিএনপির মিটিং
পরবর্তি সংবাদবিএনপি নির্বাচন করবে কোনো সন্দেহ নেই : ওবায়দুল কাদের