৩০ তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২৩ নয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। আজ তফসিল পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

আজ সোমবার (১২ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একথা জানান।

তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আরও বলেন, ‘সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর, প্রার্থিতা বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর। তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোটসহ একাধিক রাজনৈতিক দল ও জোট এর বিরোধিতা করছে। এসব দল ও জোট সব দলের অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনের তারিখ পেছানোর দাবি করেছে।

পূর্ববর্তি সংবাদগাজায় গুপ্ত হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
পরবর্তি সংবাদ৮ বহিষ্কৃত নেতাকে ফিরিয়ে আনলো বিএনপি