ইসলাম টাইমস ডেস্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে নতুন সঙ্কটে পড়তে যাচ্ছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর সংকট আরও প্রকট হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির কাছে শরিকদের দাবি অন্তত একশো আসন।
ইতিমধ্যে নিজ দলের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে শরিক বেশ কয়েকটি দল। দুই-একদিনের মধ্যে এসব তালিকা জোটের প্রধান শরিক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
বিএনপির কাছ থেকে প্রাথমিকভাবে ১০০ আসন দাবি করবে শরিকরা। তারা যে ১০০ আসন চাইবে, সেগুলোর মধ্যে গণফোরাম প্রাথমিকভাবে ৪৫ জন প্রার্থীর তালিকা তৈরি করেছে।
এছাড়াও ফ্রন্টের অন্যতম শরিক আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ২৫ জনের প্রার্থী তালিকা তৈরি করেছে। আর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৫, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ ১০ আসনে প্রার্থী তালিকা ঠিক করেছে। এর বাইরে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে পাঁচজনের তালিকা তৈরি করা হয়েছে।
২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ৪০টি, খেলাফত মজলিস ১১টি, জমিয়ত (দুই অংশ) ১২টি সহ প্রায় ৭০-৮০টি আসনের আলাদা হিসেব রয়েছে। শরিকদের দাবি বিবেচনা করলে বিএনপির হাতে আসন থাকবে ১২০-১৩০টি।
অবশ্য বিএনপির পক্ষ থেকে আসন বণ্টনের ব্যাপারে শরিকদের স্পষ্ট কোনো উত্তর দেয়া হয়নি।
















