রোহিঙ্গাদের অনীহায় অনিশ্চয়তার মুখে প্রত্যাবাসন কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক : রোহিঙ্গাদের আপত্তির কারণে মিয়ানমারে তাদের প্রত্যাবাসন অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশ ও মিয়ানমার উভয় সরকারের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার  ৩০টি রোহিঙ্গা পরিবারের ১৫০ সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না।

নির্বাচিত রোহিঙ্গাদের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে আনা হলে তারা ‘যাবো না, যাবো না’ শ্লোগান দিতে থাকে।  এসব রোহিঙ্গা পরিবারের সদস্যরা সংবাদকর্মীদের বলেছেন, ‘তারা বাংলাদেশে বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু মিয়ানমারে যাবে না। মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার আগ পর্যন্ত তারা সেখানে যাবেন না।’

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মো. আবুল কালাম বলেছেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় ফেরত যেতে চাইলে তাদের মিয়ানমারে পাঠানো হবে।’

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর তাড়াহুড়া করে রোহিঙ্গাদের ফেরত না পাঠানোর অনুরোধ করেছে বাংলাদেশ সরকারকে।

তারা বলছে, জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠালে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হবে। আন্তর্জাতিক সমর্থনও হারাবে বাংলাদেশ।

গত ৩০ অক্টোবর মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে মনোভাব জানতে ৪৮৫টি রোহিঙ্গা পরিবারের ২ হাজার ২৬০ জনের একটি তালিকা জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএচসিআর-কে দেওয়া হয়।

এর দুসপ্তাহ পর গত মঙ্গলবার তাদের সাক্ষাৎকার নেওয়া শুরু করে সংস্থাটি। আজও ইউএনএইচসিআর কয়েকটি পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করে তাদের মতামত জানতে চাইবে।

পূর্ববর্তি সংবাদবি চৌধুরীর বাসায় ব্রিটিশ হাইকমিশনার, প্রতীক বরাদ্দের সময় পেছানোর দাবি
পরবর্তি সংবাদধানের শীষে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্টের ৪ দল