টাকার বিনিময়ে ফেল-ছাত্রদের সুযোগ দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

ইসলাম টাইমস ডেস্ক : ফেল করা কিছু শিক্ষার্থীকে মোটা অংকের টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ করে দেওয়ার প্রতিবাদে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

জানা গেছে, ব্রাহ্মকান্দা এ.এস একাডেমি ২০১৯ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষায় ২২৬ জনের মধ্যে ১১৭ জনকে পাস দেখিয়ে ফল প্রকাশ করে। বাকী শিক্ষার্থীরা ফেল করার কারণে এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। এদিকে গোপনে কিছু ফেল করা কিছু শিক্ষার্থীকে মোটা অংকের টাকার বিনিময়ে ফরম পূরণের সুযোগ করে দিচ্ছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল কবির ও তার সমমনা কতিপয় ব্যক্তি। এই সংবাদ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে সকাল হতেই স্কুল প্রাঙ্গণসহ সড়কে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিষ্ঠান প্রধানসহ ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনায় বসলে তাদেরকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। তখন শিক্ষার্থীরা স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ কোচিং বাণিজ্যে লিপ্ত শিক্ষকদের বিচারের দাবিসহ সকল শিক্ষার্থীর ফরম পূরণের দাবি জানায়। দুপুরে ফেল করা শতাধিক শিক্ষার্থীর সঙ্গে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় সেই পথ দিয়ে ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুর যাচ্ছিলেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের জন্য। তাদের পুঁজি করে কেউ বাণিজ্য করলে তা কঠোর হাতে দমন করা হবে। একই সঙ্গে তাদের দাবি যৌক্তিক হলে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সাংসদের বক্তব্যকে সমর্থন করে সড়কের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নির্বাচনী পরীক্ষায় ঝরে যাওয়া শিক্ষার্থীদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামীতে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদসুস্থ হয়ে ঘরে ফিরেছে বালিয়া মাদরাসার ছাত্ররা
পরবর্তি সংবাদওয়াজ-মাহফিলে নির্বাচনী প্রচারণা নয় : ইসি