ফোল্ডিং বা ভাঁজ করা যায় এমন স্মার্টফোনের কথা আলোচনা হচ্ছে বছর কয়েক থেকেই। বিভিন্ন কোম্পানি এমন ফোন তৈরির কথা বললেও এগিয়ে আছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
সম্প্রতি এক সংবাদে জানা গেছে, স্যামসাংয়ের ফোল্ডিং স্মার্টফোন আগামী বছরের মার্চে বাজারে আসবে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, নতুন ধরনের এই ফোনের নাম হবে গ্যালাক্সি এফ।
স্মার্টফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছে ওয়েবসাইটটি। সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, আগামী বছর মার্চে এটি বাজারে অবমুক্ত করা হবে। স্যামসাংয়ের গ্যালাক্সি-এস ফোন বাজারে ছাড়ার কিছুদিন পরই এটা বাজারে ছাড়বে কর্তৃপক্ষ।
গ্যালাক্সি এফ-এর দাম হতে পারে ১ হাজার ৭৭০ ডলার। যদিও এই স্মার্টফোনের দাম এখনও চূড়ান্ত করেনি বলে জানিয়েছে ইয়োনহাপ।
স্যামসাং কর্তৃপক্ষ ফোল্ডিং স্মার্টফোন বিক্রির নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। শোনা যাচ্ছে ১০ লাখেরও বেশি ফোল্ডিং ফোন বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ছাড়বে তারা।
ইয়োনহাপ নিউজ দাবি করছে, ফেব্রুয়ারিতে বাজারে আসার অপেক্ষায় থাকা গ্যালাক্সি এস-টেন ফাইভ-জি সাপোর্টেড হবে। কিন্তু এরপরই বাজারে আসা গ্যালাক্সি এফ অর্থাৎ ফোল্ডিং স্মার্টফোনে ফাইভ-জি সাপোর্ট থাকবে না।
এর আগে গত সপ্তাহে স্যামসাংয়ের নতুন মডেলের গ্যালাক্সি এফ স্মার্টফোন সবার সামনে নিয়ে আসা হয় প্রতিষ্ঠানটির ডেভেলপার কনফারেন্সে।
সূত্র: দ্য ভার্জ
















