নির্বাচনী চমক বাড়ছেই : ধানের শীষে নির্বাচন করবেন এমএস কিবরিয়ার ছেলে

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় নির্বাচন সামনে আসলেই রাজনৈতিক অঙ্গণে শুরু হয় নানান চমক। ডান এসে মেশে বামের সাথে। ডান ঘরবাধে বামের সাথে। শত্রু হয়ে যায় মিত্র আর মিত্র হয় প্রাণের বন্ধু।

এবারে জাতীয় নির্বাচনে চমকের সূচনা করেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী। তার দল বর্তমান সরকারের তীব্র সমালোচনা এবং বিএনপি নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করার পর অনেকের ধারণা হয়েছিলো তিনি বিএনপির সঙ্গে জোট করতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত উঠলেন নৌকায়।

বিএনপির সাবেক মন্ত্রী শমসের মুবিন চৌধুরী হঠাৎ বিকল্পধারায় যোগ দিয়ে তৈরি করেন নতুন চমক। অন্যদিকে আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে গণফোরামে যোগদিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

কুমিল্লার লাকসামে দুই দিন আগেও বিএনপি কর্মীরা জানতেন এবার ধানের শীষে ভোট করবেন আবুল কালাম। যার কারণে দল ছাড়তে হয়েছিল সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিমকে। হঠাৎ বদলে গেল দৃশ্যপট। আনোয়ারুল আজিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকেই ধানের শীষ প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইভাবে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন ওয়ান-ইলেভেনের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী। তাকে সরাসরি মনোনয়ন দিতে রাজি না হওয়ায় তিনি জাতীয় পার্টিকে মাধ্যম বানিয়ে নির্বাচন করবেন মহাজোটের প্রার্থী হিসেবে। জাতীয় পার্টির মনোনয়নপত্রও নিয়েছেন।

আর তার বিপরীতে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন ওয়ান ব্যাংক ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী।

কর্নেল অলি আহমদ, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর আহমদদের মতো  এক সময়ের ঘোর বিএনপি বিরোধীরা নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে।

প্রতিবারের মতো নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে থাকবে নির্বাচনী চমক।

পূর্ববর্তি সংবাদসিএমএইচে ভর্তি হলেন এরশাদ
পরবর্তি সংবাদপ্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না নির্বাচন কমিশন : শাহাদাত