যুবরাজের নির্দেশেই খুন করা হয়েছে খাশোগিকে : সিআইএ

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে সিদ্ধান্তে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তুর্কি সরকারের কাছ থেকে পাওয়া ফোনকলের রেকর্ডিং ও অন্য প্রমাণাদি নিয়ে তদন্ত করার পর সিআইএ খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানের সংশ্লিষ্টতা পেয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, খাশোগি হত্যাকাণ্ড বিন সালমানের অজান্তে ঘটেনি। তিনি এই অপারেশনের বিষয়ে জানতেন এবং এর জন্য তিনিই নির্দেশ দিয়েছেন।

তবে সিআইএ’র তদন্ত প্রতিবেদন মিথ্যা বলে দাবি করেছে সৌদি আরব।

গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।

এ ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল-সৌদি কনস্যুলেটের ভেতরেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। প্রথমদিকে অস্বীকার করে নানা রকম কথা বললেও অবশেষে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি। তবে তারা দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারি করে নিহত হন এ সাংবাদিক। সবশেষ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে খাশোগির মরদেহ টুকরো টুকরো করার কথা স্বীকার করেন।

পূর্ববর্তি সংবাদনির্যাতনের পর সৌদি আরব থেকে ফেরত এলেন ২৪ নারীকর্মী
পরবর্তি সংবাদপুলিশের তৎপরতায় বিব্রত নির্বাচন কর্মকর্তারা