ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষক সংস্থাকে হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কোনও সংস্থা নীতিমালার বাইরে গিয়ে কিংবা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে, এমন কাজে লিপ্ত হলে নিবন্ধন বাতিল করা হবে।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষক সংস্থার উদ্দেশে ব্রিফিংয়ে ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব আরো বলেন, ‘এবারের নির্বাচন একটি বৈশিষ্ট্যপূর্ণ নির্বাচন। কারণ, এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এবারের নির্বাচনে সংসদ বহাল থাকবে, সরকার থাকছে এবং সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে এবারের নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। আমি আশা করবো, এবারের নির্বাচনটা সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।’
পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে ইসি সচিব বলেন, ‘যখন আপনারা পর্যবেক্ষক নিয়োগ করবেন, তখন কয়েকটি সাবধান-বাণী উচ্চারণ করবেন। নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র সার্বক্ষণিক গলায় ঝুলিয়ে রাখতে হবে। যাতে যে কেউ বুঝতে পারেন যে, আপনি একজন পর্যবেক্ষক। প্রথমে কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে নিজের (পর্যবেক্ষকের) পরিচয় দিতে হবে। কেন্দ্রে কোনও মোবাইল ফোন নেওয়া যাবে না। কোনও ছবি তুলতে পারবেন না। কোনও কমেন্টস করতে পারবেন না। শুধু মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন।’
‘আপনাদের কাছে লিখিত রিপোর্ট জমা দেওয়ার আগে কোনও মন্তব্য করবেন না। আপনাদের আচরণ হবে নিউট্রাল (পক্ষপাতমুক্ত)। এমন কোনও ব্যক্তিকে আপনারা নিয়োগ করবেন না, যিনি কোনও রাজনৈতিক দলের সদস্য। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে।’
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ১১৮ দেশীয় সংস্থা পর্যবেক্ষণে থাকবে। মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসার-ভিডিপি সদস্যরা। ইতিমধ্যে নির্বাচন কমিশন একটি সংস্থার নিবন্ধন বাতিল করে দিয়েছে।
















