ড. প্রাণ গোপালের বক্তব্যে আল্লাহ, আজান ও ওমর রা. প্রসঙ্গ

আবরার আবদুল্লাহ ।।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. প্রাণ গোপাল দত্ত এবার আওয়ামী লীগ থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করতে চান তিনি। পেশায় চিকিৎসক ড. প্রাণ গোপাল ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন নিজ এলাকা চান্দিনায়।

সম্প্রতি নির্বাচনী প্রাচরণার সময় দেয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি তার বক্তব্যে আল্লাহ, আজান, নামাজ, দোয়া-এর নিঃসংকোচ ব্যবহার করেন এবং হজরত ওমর রা.-এর সৎ শাসনের দৃষ্টান্ত দেন।

প্রতিদিন আজানের ধ্বনি শুনে ঘুম ভাঙ্গে বলে উল্লেখ করেছেন ড. প্রাণ গোপাল। তিনি বলেন, ‘প্রতিদিন আমার ঘুম ভাঙ্গে আজানের ধ্বনি শুনে। এরপর আমি আর এক মিনিটও ঘুমাই না।’

জনগণের প্রতি হজরত ওমর রা.-এর ভালোবাসার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, ‘হজরত ওমর রা. রাতের বেলা জনগণের খবর নিতেন। আমি রাতের বেলা শোলপুর দিয়ে এলাকায় ঢুকলে কোন ঘরে কান্না হচ্ছে তা শুনতে পাবো না?’

ড. প্রাণ গোপাল ভোটার কাছে আবেদন করেন তারা যেন নামাজ পড়ে তার জন্য দোয়া করেন। তার ভাষায় ‘আপনারা নিজ ধর্ম মতে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হায়াত দেন। আমি যেন বাকি জীবন মানুষের সেবায় কাটাতে পারি। মানুষের দোয়ার উপর কিছু নেই। নিরাপত্তা দেয়ার মালিক উপরওয়ালা। আপনারা যদি দোয়া করেন এবং একজনের দোয়াও যদি কবুল হয় তবে কেউ আমাকে খুন করতে পারবে না।’

একইভাবে আল্লাহর কাছে শক্তি প্রার্থনা করে বলেন, ‘কারো গিবত করে লাভ নেই। একজন উপর থেকে দেখছেন। যতো ব্যক্ত, ততো ত্যক্ত আর যতো গুপ্ত, ততো পোক্ত। আমি নিজেকে যতো বেশি ধরে রাখতে পারবো, আমাকে আল্লাহ তায়ালা ততো বেশি শক্ত মানুষ হিসেবে তৈরি করবেন।’

নির্বাচনী জনসভায় দেয়া এই ভাষণে ড. প্রাণ গোপাল জানান, একাত্তর সালে কালেমা পড়ে দুই দুই বার পাকিস্তানি আর্মির হাত থেকে বেঁচে যান তিনি।

তার এই বক্তব্য নির্বাচনে ভোটারদের ‍দৃষ্টি আকর্ষণের জন্য হলেও বিশ্লেষকরা মনে করেন এ থেকে অন্যান্য প্রার্থীদের শেখারও কিছু বিষয় আছে। তাহলো, দৃষ্টান্ত হিসেবে ইসলাম ও মুসলমানের গৌরবোজ্জ্বল ইতিহাসকে উল্লেখ করা যেতে পারে। ইসলামি পরিভাষাসমূহ ব্যবহার করা। বিশেষত তাদের জন্য যারা মুসলিম হয়েও আল্লাহ-রাসুলসহ ইসলামি পরিভাষাসমূহ সচেতনভাবে এড়িয়ে চলেন।

পূর্ববর্তি সংবাদইলেকট্রনিক ট্রেন চালু হবে নারায়ণগঞ্জে 
পরবর্তি সংবাদমদপান করে দুই যুবকের মৃত্যু