ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় নিসান আলী (৩০) ও নিলয় (১২) নামে আপন দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ওদিকে একই সময় নোয়াখালির চাটখিল উপজেলার হালিমদীঘির পাড় এলাকার কুটুমঘর নামক স্থানে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, নিশান ও নিলয় তাদের নিজস্ব ইঞ্জিনচালিত ট্রলি মেরামত করতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পরীক্ষার জন্য নিয়ে যায়। এ সময় মতিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে ছিটকে পড়ে নিসান ঘটনাস্থলেই নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় ট্রলিতে থাকা ছোট ভাই নিলয়কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সেও মারা যায়।
ওদিকে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন বলেন, চাটখিল উপজেলার হালিমদীঘির পাড় এলাকার কুটুমঘর নামক স্থানে যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পথে আরেক ব্যক্তি মারা যায়। জানা যায়, নিহতরা দুজন স্বামী-স্ত্রী।
এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
















