ইসলাম টাইমস ডেস্ক : ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন তোরাজি। ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার খান হোয়া প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত আনে। খবর তুর্কি সংস্থা আনাদোলুর।
ভিয়েতনামের দুযোর্গ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, খান হোয়া প্রদেশের অন্তত চারজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে ওই অঞ্চলে উদ্ধারকাজও চালানো যাচ্ছে না।
বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত ভিয়েতনামে প্রায় বিধ্বংসী ঝড় ও বন্যা দেখা দেয়। গত বছর বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে নিহত হয় ৩৮৯ জন।
চলতি বছর জুন মাসেও ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাও ও হা গিয়াং প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৪ জন নিহত হয়।
















