ইসলাম টাইমস ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেছেন, ‘নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যেন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কখনো আইনকানুনের অবস্থা থেকে বিচ্যুত হবেন না।’
নির্বাচন ভবনে আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী ব্রিফিংয়ের শেষদিন সোমবারের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়, বিচলিত করে উসকানিমূলক পরিবেশে ফেলে দেয় নানা কারণে। সেই অবস্থাগুলো বুদ্ধিমত্তা, দক্ষতা আর ক্ষিপ্রতার মাধ্যমে বুঝতে হবে।’
এই কার্যক্রমে ৬৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্রিফিং দিয়েছে কমিশন।
















