ইসলাম টাইমস ডেস্ক : বুধবার সকালে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। ভৈরব উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহবুব আলমের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
একই আসনে পাপনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম। তবে ভয় ও গ্রেফতার আতঙ্কে মনোনয়নপত্র জমা দিতে যাননি এ বিএনপি নেতা।
ফলে বুধবার বিকেলে বিএনপি প্রার্থী শরীফুল আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেয়ার পর নাজমুল হাসান পাপন বলেন, ভৈরব-কুলিয়ারচর এলাকার ভোটাররা এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এ প্রত্যাশা করছি।
মনোনয়নপত্র জমা দিতে না আসার কারণ সম্পর্কে বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে একাধিক মামলা দিয়েছে পুলিশ। আমি ও আমার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তাই ভয় ও গ্রেফতার আতঙ্কে আজ মনোনয়নপত্র জমা দিতে যাইনি। দলের মনোনয়ন পেয়েও আজ আমি আতঙ্কে আছি। এবারের সংসদ নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি নিশ্চিত জয়ী হবো।
















