ইসলাম টাইমস ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশে কোনো জামায়াত নেই। তবে জামায়াতি আছে।
বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি জানি না, আপনি কোথা থেকে পেলেন জামায়াতকে। এখন দেশে কোনো জামায়াত নেই। দেশের মানুষ যারা আছে, এ দেশের নাগরিক, বয়স হলে তাদের যে কেউ নির্বাচন করতে পারে। তারপরও যদি বলেন, আমি আপনার সঙ্গে একমত হব যে, জামায়াত না থাকলেও জামায়াতিরা আছে।’
কাদের সিদ্দিকী মূলত তার বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়ার দিকেই ইঙ্গিত করেছেন।
যেহেতু তাদের নিবন্ধন নেই, দাঁড়িপাল্লা প্রতীক পাচ্ছেন না তাই তাদেরকে জামায়াত পরিচয় দিতে নারাজ এই রাজনীতিবিদ।
একজন মুক্তিযোদ্ধা হয়ে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া এবং একই প্রতীকে নির্বাচন করা বিষয়ক অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যখন একটা ট্রেনে উঠব, তখন সে ট্রেনে টিকিট করে যে কেউ উঠতে পারে। আমার কোনো অধিকার নেই যে, আমি সেই ট্রেনে তাকে নেব কি নেব না। রিজার্ভ ট্রেন হলে কিছুটা চেষ্টা করা যায়। কিন্তু যাত্রীবাহী ট্রেনে সেই চেষ্টা করার কোনো সুযোগ নেই।’
















