ইসলাম টাইমস ডেস্ক :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘মুক্তিপণের দাবিতে’ একদিন আগে অপহৃত স্কুলছাত্র আশিকের বাক্সবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভেড়ামারা থানার ওসি খন্দকার শাহীন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিবেশী সামের আলীর বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত আশিক (১৪) ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে এবং ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
আশিকের বাবার অভিযোগ, রোববার দুপুর ১২টায় প্রতিবেশী সামের আলীর ছেলে মিশুক (২৩) আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং বিকাল পৌনে ৫টায় মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে আশিককে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে তিনি ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান।
ওসি শাহীন বলেন, “প্রাথমিকভাবে আমরা মিশুকে আটক করে জিজ্ঞাসাবাদ করি।”
তার স্বীকারোক্তির ভিত্তিতে মিশুকের বাড়িতে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি বাক্সের মধ্য থেকে আশিকের মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
















