নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (১ ডিসেম্বর) টঙ্গী ময়দানে তাবলিগ জামাতের বিতর্কিত মুরব্বি মাওলানা সাদের অনুসারী কর্তৃক নিরীহ মাদরাসা ছাত্র ও তাবলিগি সাথীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় মারকাজের সামনে গোপালগঞ্জ মারকাজের শুরার সাথী ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন জেলার সর্বস্তরের মুসল্লি, তাবলিগি সাথী ও মাদরাসার ছাত্র-শিক্ষকগণ।
মহাসমাবেশে বক্তারা বলেন, আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজে অংশগ্রহণকারী মাদরাসার নিরীহ ছাত্র এবং তাবলিগের সাধারণ সাথীদের উপর ওয়াসিফ-নাসিম গং যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই।
তারা বলেন, যদি কেউ এ ধরনের সন্ত্রাসী, অমানবিক ও হায়েনার মতো আক্রমণকারীদের পক্ষ অবলম্বন করে সে কখনো ইসলামের দাঈ হতে পারে না। সে ইসলামের দুষমন।
বক্তারা আরও বলেন, এই হামলা তারা করেছে আগামী বিশ্ব ইজতেমা বানচাল করার জন্য। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় দাওয়াতি এই কাজকে বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং তাদের এই নীল নকশা যাতে বাস্তবায়িত না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
বিক্ষোভ শেষে সরকারের হস্তক্ষেপ এবং ওয়াসিফ গংদের উপযুক্ত বিচার দাবি করে জেলা প্রশাসকের হাতে স্মারক লিপি প্রদান করেন ভবানীপুর মাদরাসার নাজেম মুফতি শুয়াইব ইবরাহিমসহ তাবলিগের সাথীরা।
এ সময় উপস্থিত ছিলেন, মুফতি মহিবুল হক, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আবুল কালাম, মাওলানা ফরিদ আহমেদ, হাসানুজ্জামান হাসানসহ আরো অনেকে।
















