ইসলাম টাইমস ডেস্ক : তিন দিনের আপিল শেষে একাদশ জাতীয় নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২২ জন। আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছে ২৪৩ জন।
এবার জাতীয় সংসদ নির্বাচনে ৩০৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিলো যার মধ্যে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল এবং ২২৭৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৪৩ জন প্রার্থী আপিল করেন। তবে তাদের মধ্য থেকে ২৪৩টি আপিল আবেদন গ্রহণ করা হয়। অন্যদিকে ৩’শ জনের আবেদন খারিজ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে শনিবার তিনদিনে ইসি এই ৫৪৩টি আপিল আবেদনের শুনানি করে। এরমধ্যে ২৪৩টি আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২২জন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন ১৮৫ জন।
ইসি সচিবালয়ে স্থাপিত অস্থায়ী এজলাসে আপিল আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। শেষ দিন শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আপিল আবেদনের শুনানি চলে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আপিল শুনানি করেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।
আপিল শুনানির প্রথম দিন বৃহস্পতিবার ৮০ জন, দ্বিতীয় দিন শুক্রবার ৭৮জন এবং তৃতীয় দিন শনিবার ৮৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
















