ইসলাম টাইমস ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্ম রুখে দাঁড়ালে কেউ দুর্নীতি করার সাহস পাবে না।
আজ রোববার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ‘সততা সংঘ’-এর সমাবেশে প্রধান বিচারপতি এ কথা বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি আরও বলেন, ‘দুর্নীতি সমাজের সর্বত্র বিরাজ করছে। এটি আজ জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। এ কারণে সমাজে বৈষম্য তৈরি হচ্ছে। দেশপ্রেমের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।’
















