ইসলাম টাইমস ডেস্ক : কলকাতার শিয়ালদহ থেকে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকবে ট্রেন। বাংলাদেশের ভেতরে পার্বতীপুর, দর্শনা, সাঈদপুর, নীলফামারী, তোরণবাড়ী, দোমার, চিলাহাটি পেরিয়ে ফের তা গিয়ে উঠবে ভারতের হলদিবাড়িতে। সেখান থেকে গিয়ে পৌঁছাবে শিলিগুড়ি। বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন চলবে এই দুই শহরের মধ্যে। সীমান্ত পেরিয়ে দুদেশের মধ্যে রেলপথ গড়ে উঠবে খুব শিগগিরই। ভারতের রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কাজ শুরু করে দিয়েছে ভারতও। ২০২১ সালের মধ্যে রেললাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের। মূলত দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটাতেই ওই রেলপথ চালু হচ্ছে। চালু হওয়ার পর আপাতত ওই পথে শুধুমাত্র মালগাড়ি চলবে। তবে ভবিষ্যতে ওই রুটে যাত্রীবাহী ট্রেন চালানো হতে পারে জানায় রেল কর্তৃপক্ষ।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এ রেলপথে ভারতের খরচ হবে খুব কমই। বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার লাইন বসাতে হবে ভারতের। তার জন্য দুই দফায় মোট ৪২ কোটি টাকা মঞ্জুর করেছে ভারতীয় রেল। চিলাহাটি থেকে সাড়ে ৭ কিলোমিটার লাইন বসাতে বাংলাদেশ সরকার মঞ্জুর করেছে ৮০ কোটি ৭০ লাখ টাকা ।
আনন্দবাজার পত্রিকা বলছে, হলদিবাড়ি-চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু হলে তাতে শেষ পর্যন্ত বাংলাদেশিই লাভবান হবে। এর ফলে ভারতের ওপর দিয়ে নেপাল এবং ভুটানের সঙ্গেও রেলপথে যোগাযোগ স্থাপনে পদক্ষেপ করতে পারবে বাংলাদেশ।
















