ইসলাম টাইমস ডেস্ক : ঘর থেকে আজান দিতে বের হয়েছিলেন মোহাম্মদ আলী (৪৫)। কিন্তু মসজিদে পৌঁছানোর আগেই তার কণ্ঠ স্তব্ধ করে দিলো ঘাতক ট্রাক।
আজ বুধবার ভোরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নির্মমভাবে নিহত হয়েছেন মোহাম্মদ আলী (৪৫)। নিহত ব্যক্তি কাশিয়ানী উপজেলার পোনা এলাকার লাল মিয়ার (লালু) ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, আজ ভোরে ফজরের নামাজের আজান দিতে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় ওই এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক মোহাম্মদ আলীকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে গিয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নিহত হন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পর ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
















