আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জের বর্তুল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ফজলুল হকের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গাজীপুরের ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, ফজলুল হক মিলন সব মামলায় জামিনে ছিলেন। তারপরও এলাকায় না আসতে হুমকি দেয়া হচ্ছিল। গ্রেফতার আতঙ্কে তিনি এতোদিন এলাকায় আসেননি। সকাল ১০টার দিকে ফজলুল হক মিলন গ্রামের বাড়িতে আসলে বেলা আড়াইটার দিকে তাকে গাজীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে।
















