ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইসরাইলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় হামাস সমর্থক ও কর্মী ছাড়াও ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়।
এদিক ইসরাইলি সেনার গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন, আহত হন অনেকে। দুই ইসরাইলি সেনা নিহতের ঘটনায় আলাদা অভিযানে এখন পর্যন্ত এক শ’র বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এর মধ্যেই পশ্চিম জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া।
অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরাইলি সেনা নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবারও ব্যাপক তল্লাশি ও ধরপাকড় চালায় ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণাঞ্চলীয় পশ্চিমতীরের হেব্রন শহরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করে হামাস সমর্থকরা। এ সময় ফিলিস্তিন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাস ছোঁড়ে তারা। এতে বেশ কয়েকজন আহত হন।
শনিবার ভূমি অধিকার আন্দোলন ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের দমন পীড়নের মধ্যেই পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
স্কট মরিসন বলেন, পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কেননা দেশটির পার্লামেন্ট নেসেট ও সরকারি অনেক দফতর সেখানে রয়েছে। তবে সেখানে শান্তি প্রতিষ্ঠার পরই আমরা আমাদের দূতাবাস স্থানান্তর করব। দুই রাষ্ট্রের সমঝোতার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তবে স্কট মরিসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতারা। লেবার পার্টির বিল শর্টেন বলেন, মধ্যপ্রাচ্য একটি জটিল ইস্যু। অন্যদেশগুলোর সঙ্গে তাল মেলাতে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অস্ট্রেলিয়াকে ছোট করেছেন স্কট মরিসন।
















