ইসলাম টাইমস ডেস্ক: বুদ্ধিজীবী কবরস্থানে সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের দুই সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)- এর একাংশের শীর্ষ নেতা এ মন্তব্য করেন।
বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ বলেন, ‘তিনি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। কিন্তু আমাদের দাবি ছিল— প্রকাশ্যে তাকে সাংবাদিক সমাজ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। এসময় সাংবাদিকদের কিছু অযাচিত প্রশ্নে রেগে যান ড. কামাল।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে একটি বিবৃতিও পাঠান তিনি। তবে ড. কামাল হোসেনের এই বিবৃতিতে সাংবাদিকরা সন্তুষ্ট নন। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
তিনি বলেন, ‘ড. কামাল হোসেন এখনও প্রকাশ্যে ক্ষমা চাননি। আমরা তাকে ক্ষমা চাইতে বলেছি। তিনি ক্ষমা না চাওয়ায় আগামীকাল সোমবার (১৭ ডিসেম্বর) ঢাকায় সাংবাদিক সংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ রয়েছে। এরপর দিন মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হবে।’
















