ইসলাম টাইমস ডেস্ক : চাঁদপুরের সদর উপজেলায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মাঈন উদ্দিন (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫), তাদের মেয়ে ফারজানা মিথিলা (৫) ও ছেলে সিয়াম (১)।
সোমবার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বড়হুজুরের বাড়ি তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিবরণীতে জানা যায়, মাঈন উদ্দিন চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতো। দু’দিন আগে সে বাড়িতে আসে এবং গতকাল ছেলেকে নিয়ে পারিবারিক কবরস্থান পরিষ্কার করে। এছাড়া রাতে তার ফেসবুক আইডি থেকে সে স্ট্যাটাস দেয়, ‘আমি মরে যাবো। এর জন্য দায়ী থাকবে আমার শ্বশুর ও শাশুড়ি।’
ওই স্ট্যাটাস থেকে মাঈনউদ্দিনের প্রবাসী ভাই তার মাকে বিষয়টি জানায়। পরে সকালে মাঈনউদ্দিন, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ পাওয়া গেল।
ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-সার্কেল) জাহিদুর রহমান চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঈনউদ্দিন তার স্ত্রী ও সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। মাঈনউদ্দিনের স্ত্রী ফাতেমার লাশ পাওয়া গেছে বাড়ির পাশের পুকুরে। আর মাঈনউদ্দিনের লাশ পাওয়া গেছে ঘরে ঝুলন্ত অবস্থায়। এছাড়া তার দুই শিশু সন্তানের লাশও ঘরে পাওয়া গেছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
















