ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগে আবারও হামলা চালানো হয়েছে।
আজ দুপুর ১টার দিকে মুগদা এলাকায় মিছিলের পেছন থেকে এ হামলা চালায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ। হামলায় নারী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর গণসংযোগ বন্ধ করে বাসায় ফিরে গেছেন আফরোজা আব্বাস।
দুপুর ১২টায় শাহজাহান পুরের নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে মহিলাদল সভানেত্রী ও ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস গণসংযোগে বের হন। মিছিলটি মুগদা এবং মান্ডা হয়ে মানিকনগর মোড়ে পৌঁছালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা চুন্ডা বাবুর নেতাকর্মীরা পেছন থেকে হামলা করে।
এ ঘটনায় হায়দার আলী নামে একজন ফটো সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন।
হামলাকারীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয়। একইসঙ্গে তাকে মাটিতে ফেলে উপর্যুপরি লাথি মারতে থাকে। তারা লাঠি দিয়ে বেধড়ক পেটায় এই ফটো সাংবাদিককে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
হামলায় সাংবাদিক ছাড়া আরো ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন, মহিলাদল নেত্রী আফরোজা আক্তার শোভা, নূরজাহান আক্তার ইভা, মনোয়ারা রহমান, জয়া, শারমিন আক্তার, মিজানুর রহমান, সোনিয়া আহমেদন প্রমুখ। আহতরা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠন মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আফরোজা আব্বাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, হামলাকারীদের মধ্যে রয়েছে, মাণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল, মুগদা থানা ছাত্রলীগ সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক শাম্পু, মুগদা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন, শাহাজাদা বাবু, আওলাদ, রুবেল, জীবন, মানিকনগর যুবলীগ নেতা জীবন, মাণ্ডা যুবলীগ নেতা হাজী বিপ্লব, বিচ্ছু রনি, চাঁনতারা ফারুক, পিচ্ছি রাসেল, শাহিন, প্লাবন, মাণ্ডা আওয়ামী লীগ নেতা হাজী আনোয়ার, মুগদা আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া রাজা, হিরু মেম্বার, সোলেমান মেম্বার, শ্রমিক লীগের তোতলা কালাম প্রমুখ।
















