ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। হাইকোর্টে খারিজ হওয়ার রিটের আদেশের বিরুদ্ধে এই আবেদন করা হচ্ছে।
আজ রোববার (২৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
এর আগে ১৮ ডিসেম্বর সকালে খালেদা জিয়ার রিট আবেদনের ওপর হাইকোর্টের তৃতীয় বেঞ্চে অনাস্থা আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। পরে আদালত আবেদনটি খারিজ করে দেন এবং তাদেরকে রিটের ওপর শুনানি করতে বলেন। কিন্তু অনাস্থা আবেদন খারিজ হওয়ায় সর্বোচ্চ আদালতে যাওয়া হবে বলে আদালত বর্জন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
প্রসঙ্গত, খালেদা জিয়া বগুড়া ৬ ও ৭ এবং ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।
















