ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে এবার দৃশ্যমান হল সেনাবাহিনী। নির্বাচনী দায়িত্ব পালনের জন্যে গতকাল মধ্যরাত থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আজ থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন। নির্বাচনী দায়িত্বে থাকবেন ২ জানুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনের সহায়তায় থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
তারা জেলা, উপজেলা, মহানগর এলাকার সংযোগস্থলে ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রে সশস্ত্র বাহিনীর এই কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে। গত বুধবার এই পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়— ২৪ ডিসেম্বর থেকে আগামী ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। রিটার্নিং অফিসার সহায়তা চাইলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে তারা সহায়তা করবেন।
















