ইসলাম টাইমস ডেস্ক : মিসরে ১৪ জনকে গুলি করে হত্যার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উত্তর সিনাইয়ের আল-আরিশে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকালে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে নিরপেক্ষ সূত্রে মন্ত্রণালয়ের এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও মিসরের আল-আহরামের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা সংস্থার গোয়েন্দা তথ্য অনুযায়ী বাড়িটিতে অভিযান চালায় পুলিশ।
আল-আহরাম জানায়, প্রথম অভিযানে ঘটনাস্থলে ৮ জন মারা যায়। দ্বিতীয়বার গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় নিহত হয় বাকি ৬ জন।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারেরও দাবি করেছে মিসরের পুলিশ।
আনাদোলু জানায়, ২০১৩ সালের মাঝামাঝি সময়ে মিশরের প্রথম অবাধ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে উৎখাতের পর থেকেই সিনাই উপদ্বীপে বিশৃঙ্খলা বেড়েছে।
















