ইসলাম টাইমস ডেস্ক: সোমবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি অফিসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত এবং আরও ২০ জনের বেশি আহত হয়েছেন। হামলায় আক্রান্তদের অধিকাংশই সরকারি কর্মচারী।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও তিনজন হামলাকারীও রয়েছে।
বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় সাত ঘণ্টা ধরে গোলাগুলি হয়। তবে এখনও কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।
জানা যায়, গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে একটি আত্মঘাতী হামলার পর সোমবার বিকালের দিকে ওই হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর বন্দুকধারীরা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে পড়ে এবং বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে।
ওই হামলার পর আফগান নিরাপত্তা বাহিনী ভবনের ভেতর থাকা লোকজনকে উদ্ধারের জন্যে প্রতিটি ফ্লোরে অভিযান চালায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী সেখানে থাকা ১৪ হাজার সেনা থেকে সাত হাজার সেনাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।
















