ইসলাম টাইমস ডেস্ক : ঐতিহাসিক মুসলিম স্থানের নাম পরিবর্তন, সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানের দিন ছুটি বাতিলের পর এবার প্রকাশ্যে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করলো ভারতের উত্তর প্রদেশের কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। নতুন জারি করা এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, প্রশাসনের অনুমতি পার্কে বা সড়কে নামাজ আদায় করতে পারবে না মুসলিমরা।
নিষেধাজ্ঞা জারির পর তা অমান্য করার দায়ে কয়েকজন মুসলিমকে গ্রেফতারও করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লিসংলগ্ন নয়ডায় এই নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তারা বলছে, স্থানীয় হিন্দু বাসিন্দাদের আপত্তির কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মুসলিমদের প্রকাশ্য নামাজ আদায় থেকে বিরত রাখতে নয়ডার সেক্টর ৫৮-য় অবস্থিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। ওই সব সংস্থাকে পুলিশ জানিয়েছে, সংস্থার কোনও কর্মী প্রকাশ্য স্থানে বা পার্কে নামাজ পড়তে পারবেন না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নামাজ পড়তে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট সংস্থাকেই দায়ী করা হবে।
তবে পুলিশ সংস্থাগুলোকে তাদের কর্মীদের জন্য অফিস চত্বরের ভিতরে বা ছাদে নামাজ পড়ার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে।
সেক্টর ৫৮-এ একাধিক সংস্থার অফিস রয়েছে। ওই সব সংস্থায় কর্মরত মুসলিম কর্মচারীরা নিয়মিত স্থানীয় পার্কগুলিতে, এমনকী রাস্তার উপরেও নামাজ পড়েন।
এই নির্দেশিকা জারির পরে ওই শিল্পাঞ্চলের মুসলিম কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। তারা আদালতের দ্বারস্থ হওয়ারও চিন্তাভাবনা করছেন।
গত পাঁচ বছর ধরে সেক্টর-৫৮’র পার্কটিতে নামাজ পড়ান মাওলানা নৌমান। তিনি জানান, গত ১৪ ডিসেম্বর তাদের পুলিশ জানিয়েছিল, ওই পার্কে নামাজ পাঠ করা যাবে না। তিনি সেই নির্দেশ মেনেছেন। কিন্তু তারপরও তাকে গ্রেফতার করা হয়েছিলো।
তিনি আরও বলেন, ‘নামাজ পড়ার জন্য এলাকায় শান্তি-সম্প্রীতি নষ্ট হয়েছে অভিযোগে গত ১৮ ডিসেম্বর আমাকে এবং আমার বন্ধু আদিল রশিদকে গ্রেপ্তার করা হয়। আমরা ২২ ডিসেম্বর জামিন পেয়েছি।’
বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতা দখলের পর থেকে গোরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। সম্প্রতি কয়েকটি জায়গার নাম বদলেছে। এমনকি, গত বছর দু’টি মুসলিম পরবের দিন সরকারি ছুটিও বাতিল করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। সেই পথ ধরেই নামাজ নিয়ে এমন নিষেধাজ্ঞা।
সূত্র : আনন্দ বাজার
















