খুলনায় বিএনপি প্রার্থীর বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা

ইসলাম টাইমস ডেস্ক: খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুলের বাড়িতে এক দল  মুখোশ পরিহিত  দুর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৭টা ২২ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় বাড়ির বাইরে রাখা বকুলের গাড়ি, একটি মাইক্রো,  ২ প্রাইভেটকার এবং আরো কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে তাকে দিনভর নিজ বাড়িতে অবরুদ্ধ রাখারও অভিযোগ করেন বকুল।

হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, ৭টা ২১ মিনিটে একদল যুবক মুখে কাপড় বেঁধে বাড়ির সামনে রাখা গাড়িগুলো ভাঙচুর করতে থাকে।

এ সময় তাদের হাতে রাম দা ও ধারালো অস্ত্র ছিল। হামলাকারী যুবকরা বাড়ির ভেতরে ঢুকে মেইন গেইট ও সাটার কোপানোর চেষ্টা করে। কিছু সময় পর তারা চলে যায়।

বকুল বলেন, সারা দিন বাড়ির সামনে ডিবি পুলিশ ও  পুলিশ আমাকে খালিশপুরের বাসভবনে অবরুদ্ধ করে রেখেছে। আমাকে কোনো প্রকার প্রচারণা করতে দেয়া হয়নি। যেসব নেতাকর্মীরা বাড়িতে এসেছিল তাদেরকে আমার সামনে থেকে আটক করা হয়েছে।

বকুল বলেন, সন্ধ্যার পর ২০-৩০ জন মুখোশধারী যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা করে। এ সময় আমার নিজস্ব যানবাহনসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বাড়ির খুব কাছেই পুলিশের অবস্থান থাকলেও তারা কোনো প্রকার বাধা দেয়নি। সার্বক্ষণিক নিরাপত্তা চাওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সোনালী সেন বলেন, প্রার্থীর ওপর হামলা হয়নি। বাড়ির সামনে কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

পূর্ববর্তি সংবাদমুফতি তাকি উসমানির অডিওবার্তা: ফরীদ মাসঊদের দাবি অসত্য প্রমাণিত (অডিও)
পরবর্তি সংবাদকানাডায় সড়ক দুর্ঘটনা: ১ বাংলাদেশির মৃত্যুি