তিউনিসিয়ায় কি আবার আসছে আরব বসন্ত?

ইসলাম টাইমস ডেস্ক: নিজ গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেয়া এক সাংবাদিকের মৃত্যুর পর ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে তিউনিসিয়া।

আবদুর রাজ্জাক জারগুয়ি নামের ৩২ বছর বয়সী সাংবাদিক দারিদ্রতা, বেকারত্ব, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেন। আত্মাহুতি দেয়ার আগে তিনি অনলাইনে লাইভ ভিডিওতে তার বক্তব্য উপস্থাপন করেন এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পরদিন তিনি মৃত্যুবরণ করেন।

২০১১ সালে আরব বসন্ত শুরু হয়েছিল এই তিউনিসিয়া থেকেই। শুরুটাও হয়েছিল দারিদ্র ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেয়া মুহাম্মদ বুআজিজি নামের এক যুবকের মৃত্যুর পর।

বুআজিজির মৃত্যুর পর দেশব্যাপী শুরু হয় স্মরণকালের বৃহৎ প্রতিবাদ মিছিল। জনতার দাবির মুখে তৎকালীন প্রেসিডেন্ট জায়নুল আবেদিন বেনআলি ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে ব্যর্থ হন এবং পরবর্তীতে নতুন শাসকগোষ্ঠী ক্ষমতায় আসেন। তিউনিসিয়ার সেই বিপ্লব ছড়িয়ে পড়ে মিসর, সিরিয়া, লিবিয়াসহ অন্যান্য আরব দেশে।

তবে বিপ্লবের পরও তিউনিসিয়ার সামগ্রিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি বলেই মনে করছেন অধিকাংশ আরব বিশ্লেষকরা। সমাজের সকল স্তরে দুর্নীতি এখনও বিরাজমান। বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। দারিদ্রতার তেমন কোনো তারতম্য হয়নি।

এসব কারণেই আবদুর রাজ্জাক জারগুয়ির মৃত্যু তিউনিসিয়ার বাসিন্দাদের নতুন করে পথে নামিয়েছে। তিউনিসিয়ার শহর কাসেরিনে সরকারের বিপক্ষে নতুন করে শুরু হয়েছে প্রতিবাদ এবং প্রতিবাদ হাঙ্গামায় রূপ নিয়েছে। প্রতিবাদকারীদের অনেককে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া পুলিশের হামলায়ও আহত হয়েছে অনেকে।

ধারণা করা হচ্ছে, খুব শিগগির এ ধরনের প্রতিবাদী সমাবেশ তিউনিসিয়ার অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে পারে। যদি সেটা হয় তবে তিউনিসিয়ায় আবার দেখা দিতে পারে আরব বসন্ত। আবার অশান্ত হয়ে উঠতে পারে আরব বিশ্বের অন্যান্য দেশ।

সূত্র: আলজাজিরা

পূর্ববর্তি সংবাদআজ আমার স্ত্রী ছাড়া কেউ নেই : বিএনপি প্রার্থী অমিত
পরবর্তি সংবাদপুলিশ দেখা করে যাওয়ার পর যা বললেন ড. কামাল