ইসলাম টাইমস ডেস্ক : মহাজোটের প্রার্থীকে সমর্থন করে ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।
এর আগে গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন।
গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, মহাখালীর নিউ ডিওএইচএস, ভাসানটেক, বারিধারা ও শাহজাদপুর এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান আকবর হোসেন পাঠান ফারুক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
অপরদিকে বিএনপি তাদের দলীয় প্রতীক ধানের শীষ দিয়েছে বিজেপির আন্দালিব রহমান পার্থকে।
















