নির্বাচন কমিশন নিয়ে কথা বলার অধিকার আমার নাই: এরশাদ

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে কোনো কথা বলতে চাইলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সাম্প্রতিক নানা বক্তব্যের জন্য আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়েও কোনো কথা বলতে রাজি নন সাবেক এই রাষ্ট্রপতি।

নাটকীয় নানা ঘটনার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া এরশাদ সেখান থেকে ফেরার পরদিন বৃহস্পতিবার নিজের বারিধারার বাড়িতে সংবাদ সম্মেলনে এলে নানা প্রশ্নে তাকে ছেঁকে ধরেন সাংবাদিকরা।

নির্বাচন কমিশনে সহকর্মীদের সঙ্গে মতভিন্নতার জন্য আলোচিত মাহাবুব তালুকদার প্রসঙ্গে এরশাদ বলেন, “আমি তাকে অন্যভাবে চিনি। তিনি একজন কবি মানুষ, আইডিওলিস্ট। তবে কমিশনের কথা নিয়ে কথা বলার অধিকার আমার নাই।”

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভোটের মাঠে সবার সমান সুযোগ নিশ্চিত বলে দাবি করলেও মাহবুব তালুকদার সম্প্রতি বলেছিলেন, তিনি তা মনে করেন না।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ইসির ভূমিকার সমালোচনা করে সিইসি নূরুল হুদার পদত্যাগের দাবি তুলেছে।

এরশাদ বলেন, “নির্বাচন কমিশন জনগণের পক্ষে আছে।”

সমার সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।”

একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে নিরব থাকেন এরশাদ।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে তিনি বলেন, “এটা তো বাংলাদেশের রীতি। প্রতি নির্বাচনে সহিংসতা হয়। মানুষ হত্যা করা হয়। এটা বরাবর হয়ে আসছে।”

সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, “সন্তুষ্টির মধ্য থেকে নির্বাচন শেষ হবে।”

আগামী নির্বাচনে ‘বোন শেখ হাসিনা’কে সর্বোত সহযোগিতার আশ্বাসও দেন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

পূর্ববর্তি সংবাদসৌদি সরকারে হঠাৎ রদবদল: পররাষ্ট্রমন্ত্রী অপসারিত
পরবর্তি সংবাদডিএমপির বার্তা : ব্যাচেলরদের বাসা ছাড়তে বলা হয়নি