ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের নির্বাচনী ক্যাম্পে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এর আগে মটরগাড়ি প্রতীকের প্রার্থী সালমা ইসলামের সমর্থকদের ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ৯টার দিকে সালমা ইসলামের নবাবগঞ্জের বক্সনগর ১নং ওয়ার্ডের কোমরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নির্বাচনী ক্যাম্পে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর জন্য খবর দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামের জনসভা ও নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
রহস্যজনক কারণে তারা এ বিষয়ে চুপ থাকছেন। বৃহস্পতিবার রাতে সালমা ইসলামের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার বিষয়টি ও পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। তারা আগুন নেভানোর বিষয়েও কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও রাত ১১টা পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই ক্যাম্পের পাশে অনেক দোকানও রয়েছে। ক্যাম্পে আগুন লাগানোর কারণে ওই দোকানগুলোও আগুন লাগার ঝুঁকিতে পড়ে।
এ সময় স্থানীয়রা উদ্যোগী হয়ে আগুন নেভানোর কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ক্যাম্পের পাশে সালমা ইসলামের প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমানের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। তবে তার ক্যাম্পটি অক্ষত রয়েছে।
জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মাম পানির বোতলে করে পেট্রল এনে সালমা ইসলামের ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। ক্যাম্পের পাশ থেকে একটি মাম পানির বোতল উদ্ধার করেছেন সালমা ইসলামের নির্বাচনী প্রচারণায় সঙ্গে সম্পৃক্ত কর্মীরা। আগুন লাগানোর কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান একজন অজ্ঞাত ব্যক্তি ক্যাম্পের আগুনে প্লাস্টিকের চেয়ার নিক্ষেপ করছে। পরে ওই ব্যক্তি পালিয়ে যায়।
















