ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমার কাছে মন হয় একটা শক্তি মরণকামড় দিতে চাইতে পারে। কারণ তাদের জন্য চূড়ান্ত পরাজয় ডেকে আনতে পারে। এ জন্য মরিয়া হয়ে তারা নির্বাচনে জিততে চাইবে।
শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় সোনাপুর-জোরালগঞ্জ সড়কের কাজ পরিদর্শনকালে কাদের তিনি কথা বলেন।
তবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সহিংসতা ও নাশকতার যতটা শঙ্কা ছিল ততটা শঙ্কিত হওয়ার কারণ নেই। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশসহ সব আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। সব ধরনের ব্যবস্থাও নেয়া হয়েছে। যত অপচেষ্টাই করা হোক না কেন, নির্বাচন স্বস্তিদায়ক হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















