প্রশাসনের সহায়তায় মাওলানা সাদকে এনেই ইজতেমা করার প্রস্তুতি সাদপন্থীদের!

আবরার আবদুল্লাহ ।।

ভারতের বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের উপস্থিতিতেই ইজতেমা করার পরিকল্পনা করছে তার বাংলাদেশি অনুসারীরা। প্রশাসনের সহায়তায় এই পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানিয়েছেন তারা।

গত ১ ডিসেম্বর টঙ্গী ট্রাজেডির পর তারা কোন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন- জানতে চাইলে সাদপন্থী নেতা তৌহিদুল হক ইসলাম টাইমসকে তাদের এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘পূর্ব নির্ধারিত ইজতেমার তারিখ (১১ জানুয়ারি) সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। যথা সময়ে ইজতেমার মাঠেই আমরা ইজতেমা করবো, ইনশাআল্লাহ!’

কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইজতেমা সফল করার জন্য সারা দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। আমাদের অনেক জামাত এখন সময় দিচ্ছে, মেহনত করছে।’

মাওলানা সাদ এ বছর আসবেন কী না? প্রশ্নের উত্তরে তৌহিদুল হক বলেন, ‘তিনি তাবলিগের বিশ্ব আমির। তিনি না এলে বিশ্ব ইজতেমা ‘বিশ্ব ইজতেমা’ হবে কীভাবে? তিনি অবশ্যই আসবেন।’

তবে মাওলানা সাদ এলে বিগত বছরের মতো এবারও কোনো সংকট বা বিশৃংখলা তৈরি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘সমস্যা কেন হবে? আমরা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’

মাঠ বা অন্য কোনো বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না প্রশ্ন করলে, তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘প্রশাসনের কাছে আমরা আমাদের দাবির কথা জানিয়েছি। বলেছি, আমরা যেন আমাদের কাজগুলো ঠিক মতো করতে পারি। আশা করি, নির্বাচনের পর মাঠ বিষয়ে একটি সিদ্ধান্ত পাওয়া যাবে।’

তবে সাদপন্থী এই নেতা জানান, গত বছরের মতো এইবার দুই পর্বের ইজতেমা না করে এক পর্বের ইজতেমা করবেন তারা।

মাওলানা সাদের উপস্থিতিতে ইজতেমার মাঠে সাদপন্থীদের ইজতেমা করা বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে উলামা-অনুসারী ভিক্টোরিয়া পার্ক মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল হক বলেন, ‘এবার আমরা তাদের বাধা দেব না। তারা যদি মাওলানা সাদকে এনে সফলভাবে ইজতেমা করতে পারে, করবেন। আমার তো মনে হয় না তারা একটা সফল ইজতেমা করার সামর্থ্য রাখেন।’

তিনি আরও বলেন, ‘মাঠের বিষয়টি নির্ভর করছে প্রশাসনের উপর। প্রশাসন কোন দিকে যাবে তা এখনি বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি যাই হোক আমরা আমাদের মুরব্বি ও উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী কাজ করবো।’

পূর্ববর্তি সংবাদফলাফল যা-ই হোক আমরা মেনে নেবো: আওয়ামী লীগ
পরবর্তি সংবাদআমরাও পণ করেছি, নির্বাচন থেকে সরে যাচ্ছি না: ফখরুল