ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে দেশে ইনসাফ, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার জন্য এক বিবৃতিতে উদাত্ত্ব আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
আল্লামা কাসেমী বলেন, আগামী কাল জাতীয় নির্বাচন। একটা নির্বাচন দেশ কারা শাসন করবে, সেটা নির্ধারণের জন্য জনগণের হাতে সুযোগ এনে দেয়। মানুষের অধিকার কেড়ে নিতে নানা আয়োজন নানা ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ সব বুঝতে পারছেন। এতে মানুষ চরমভাবে বিক্ষুব্ধ হয়ে উঠছেন।
তিনি বলেন, আগামী কালকের নির্বাচনে অধিকার প্রতিষ্ঠার সহজ সুযোগকে কাজে লাগাতে হবে। গণমানুষকে নিজেদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও সোচ্চার হতে হবে। ষড়যন্ত্রকারীদের হাতে নিজেদের দেশ ও ভাগ্যকে ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে আগামীতে জাতি এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। আমরা নীরবে ষড়যন্ত্রকারীদের হাতে সবকিছু ছেড়ে দিলে ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। তাই আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তোলার জন্য এবং সর্বোপরি দেশকে ভয়াবহ সংঘাত ও বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য আগামী কাল সকলে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করুন। দেশ ও জাতির নিরাপত্তা, শান্তি ও উন্নতির জন্য যে দলকে উপযুক্ত মনে করবেন, সেই দলের প্রার্থীকেই ভোট দিন।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আপনারা জনগণের খাদেম এটা মাথায় রেখে আল্লাহর ওয়াস্তে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করুন। আমরা আপনাদের উপর থেকে আশা ছাড়তে চাই না। আপনারা এ দেশেরই মানুষ। অন্যায়ভাবে নিজের দেশের মানুষের উপর হাত তুলবেন না। নির্বিগ্নে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ সব কিছুই দেখছেন এবং তাঁর দরবারে অবশ্যই একদিন আমাদের সকলকে কঠিন বিচারের মুখোমুখী হতে হবে।
আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা অত্যাচারীদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনও উদাসীন মনে করো না’। হযরত রাসূল (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালা অত্যাচারীকে দীর্ঘ সময় দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন, তখন তাকে আর রেহাই দেন না’। প্রিয়নবী (সা.) বলেছেন, ‘সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে, যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে’।
বিবৃতিতে জমিয়ত মহাসচিব আরও বলেন, কোনো প্রকার ভয়ভীতি, হুমকি-ধমকি ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামীকাল ধর্মপ্রাণ তৌহিদি জনতাসহ সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ করছি। জনতার সচেতনতা ও সাহসের সঙ্গে আল্লাহ তায়ালার সাহায্য দেশের শান্তিকামী মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।
















